মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শেষ হওয়ার পরপরই আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ২০ মে পুতিনের এই সংক্ষিপ্ত সফরটি অনুষ্ঠিত হতে পারে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এই সফরের প্রস্তুতি প্রায় চূড়ান্ত এবং খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই সফরটি বেইজিং ও মস্কোর মধ্যকার নিয়মিত দ্বিপক্ষীয় যোগাযোগের অংশ। তাই এতে বড় কোনো আনুষ্ঠানিক কুচকাওয়াজ বা জমকালো অভ্যর্থনার সম্ভাবনা কম। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই সফরের সুনির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি ভার্চ্যুয়াল মাধ্যমে সি চিন পিং ও পুতিনের মধ্যে সর্বশেষ বৈঠক হয়েছিল।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শুক্রবার তাঁর তিন দিনের চীন সফর শেষ করেছেন। দীর্ঘ ৯ বছরের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটাই ছিল প্রথম চীন সফর। সফরে ট্রাম্প চীনা প্রেসিডেন্টের সঙ্গে বাণিজ্য, তাইওয়ান ও মধ্যপ্রাচ্য সংঘাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বৈঠক করেন।
পুতিনের এই সফরের মাধ্যমে চীন ইতিহাসে প্রথমবারের মতো একই মাসে বিশ্বের দুই শীর্ষ পরাশক্তির নেতাকে আতিথেয়তা দেওয়ার নজির গড়তে যাচ্ছে। এছাড়া গত কয়েক মাসের ব্যবধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাকি চার স্থায়ী সদস্যদেশ—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়ার সরকারপ্রধানদের আতিথেয়তা দেওয়া একমাত্র দেশ হতে যাচ্ছে চীন। এর আগে গত বছরের ডিসেম্বরে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এবং চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চীন সফর করেছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের পরপরই চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সপ্তাহে এই সংক্ষিপ্ত সফর অনুষ্ঠিত হতে পারে। এর মাধ্যমে এক অনন্য বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়েছে চীন।

0 Comments