রাজধানীর আলফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ আয়োজিত তিন দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বক্তব্যে তিনি বলেন, আল্লাহ তাআলা যাকে যে অবস্থানে রাখেন, তার মাঝেই কল্যাণ নিহিত থাকে। আমাদের প্রধান কাজ হলো আন্তরিকতার সাথে দ্বীনের জন্য কাজ করে যাওয়া এবং আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকা।
তিনি দুনিয়া ও আখিরাতের ভারসাম্যপূর্ণ জীবনের ওপর গুরুত্বারোপ করে বলেন, একজন মুমিনের মূল লক্ষ্য হওয়া উচিত আখিরাতের সফলতা অর্জন। পার্থিব জীবনের সাময়িক প্রাপ্তি বা অপূর্ণতা যেন ঈমান ও কাজের স্পৃহাকে দুর্বল না করে।
মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। তিনি প্রশিক্ষণার্থীদের ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রাখার পাশাপাশি আদর্শ, তাকওয়া ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে তৎপর হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল হালিম বলেন, একজন মুমিনের পুরো জীবনই আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত হওয়া উচিত। শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ না থেকে জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা মেনে চলাই প্রকৃত দ্বীনদারী। দেশের সবকটি জেলা থেকে বাছাইকৃত নারী নেত্রীদের নিয়ে আয়োজিত এই শিক্ষা শিবির আগামী ১৬ মে পর্যন্ত চলবে।
রাজধানীর আলফালাহ মিলনায়তনে মহিলা জামায়াতের শিক্ষা শিবিরে ডা. শফিকুর রহমান আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থেকে দ্বীনের কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। ১৬ মে পর্যন্ত চলবে এই শিবির।
সূত্র: Barta Bazar

0 Comments